* খুব ভালো * বিস্ময়

* খুব  ভালো * বিস্ময়

দুজনে দেখা দীর্ঘদিন পরে । কথা হচ্ছে ।

'অমরনাথ ঘুরে এলুম ।'

'হে হে, খুব ভালো ।'

'মেয়েটার বিয়ে দিয়ে দিলুম ।'

'হে হে, খুব ভালো ।'

'ছেলেটা বিলেত গেল ।'

'হে হে, খুব ভালো।'

'মা হঠাৎ মারা গেলেন ।'

'হে হে খুব ভালো ।'

সবই ভালো । আজকাল কেউ কারুর কথা মন দিয়ে শোনে না । ভদ্রতার খাতিরে হে হে করে যায় । যান্ত্রিক হাসি । যান্ত্রিক বিস্ময় ।

মেয়েরা যদি বা প্রাণখুলে হাসেন, ছেলেদের হাসি যেন শুকনো ছাতু ।

আবার মেয়েদের বিস্ময় ও সহানুভূতি প্রকাশের ঘনঘটায় প্রাণ আছে কিনা বোঝা দায় ।

'শ্যামা ডিভোর্স করেছে ।'

'ওমা, তাই না কি, বলিস কি?'

'রমাদির ছেলে এবারেও পাশ করতে পারেনি ।'

'ওমা, তাই না কি, বলিস কি?'

'শ্যামলকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।'

'ওমা, তাই না কি, বলিস কি?'

মাঝরাতে স্বামী বললে, 'গোপা, বুকে অসহ্য ব্যথা । আমি বোধহয় মরে যাচ্ছি ।'

'ওমা, তাই না কি, বলো কি?'

ভোরবেলা 'মেকানিক্যাল টি' । 'ওঠো চা ।'

কে উঠবে ! ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এল না । পাশের বাড়ির প্রতিবেশী শুনে বলবেন, 'ওমা, তাই না কি ! মারা গেছে । দাঁড়াও, ডালে জল ঢেলে এসে শুনছি ।'

(সঞ্জীব চট্টোপাধ্যায়, "মাপা হাসি চাপা কান্না" অখণ্ড, পত্র ভারতী, 3/1 College Row, Kolkata 700009, 959 pages, Price: Rs. 450.00.)

Comments

Popular posts from this blog

FUNNY CHANNEL

Holistic - संयम সংযম